০৩:৪০ পি.এম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ নিয়ে সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন।
এই রায় অনুযায়ী, শেখ হাসিনাকে ৫ বছরের, শেখ রেহানাকে ৭ বছরের এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকিদেরও আলাদা আলাদা মেয়াদের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। তাদেরকে জরিমানা করাও হয়েছে।
আরও পড়ুন: 'বাকসু' নাম বাতিলের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়কে প্রতিবাদ
এ রায় ঘোষণার পর আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
দায়ের করা মামলায় অভিযোগ করা হয় যে, বাস্তবে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।
গত ২৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, শেখ রেহানার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিনের দায়ের করা মামলায় অভিযোগ রয়েছে যে তিনি ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
আরও পড়ুন: দক্ষিণ চীন সাগরে আবারও উত্তেজনা, বেইজিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
অন্য আসামিদের মধ্যে রয়েছে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম এবং উপ-পরিচালক নায়েব আলী শরীফ। এছাড়া তদন্তের পর আরো দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অন্তর্ভুক্ত হন।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। এই মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন