০৭:০৩ পি.এম
লিওনেল মেসি, ফুটবল জগতের অন্যতম কিংবদন্তি। প্রায় দুই দশক ধরে তিনি ফুটবল মাঠে দাপুটে। তার বাঁ পায়ের দুর্দান্ত মহিমায় ফুটবলপ্রেমীরা অসংখ্য বার মুগ্ধ হয়েছেন। এই এক বাঁ পায়ের জাদুতেই তিনি লিখেছেন ফুটবলের ইতিহাস। মেসির ক্যারিয়ারের শিরোপার সংখ্যা কত, তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তার ঝুলিতে এখন ৪৭টি নাকি ৪৮টি শিরোপা, সেটি নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি।
ইন্টার মায়ামির হয়ে সম্প্রতি মেসি এমএলএস কাপ জিতেছেন। এই ঘটনা থেকেই বিভ্রান্তি শুরু হয়। বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স জানাচ্ছে, এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম ট্রফি। তবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকমও একই তথ্য উল্লেখ করেছে। অন্যদিকে স্প্যানিশ এবং ইংলিশ সংবাদপত্রগুলো জানিয়েছে, এটি তার ৪৮তম শিরোপা।
মেসি তার ক্যারিয়ারের বৃহত্তম অংশ কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। সেখান থেকেই তার মহাতারকা হওয়ার গল্পের শুরু। বার্সেলোনার হয়ে তিনি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন— মোট ৩৬টি শিরোপা। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ এবং আরও বিভিন্ন শিরোপা। পিএসজির হয়ে তিনি জিতেছেন ৩টি ট্রফি।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস দলের কোচিং স্টাফে যোগ দিলেন ফন নিস্টলরয়
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে যুব বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিক সোনা জিতেছেন মেসি। জাতীয় দলের হয়ে তার শিরোপার সংখ্যা ৪— একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা। ইন্টার মায়ামির হয়ে তিনি ৩টি শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে লিগস কাপ, সাপোর্টারস শিল্ড এবং এমএলএস কাপ। এই হিসাব অনুযায়ী, মেসির শিরোপার সংখ্যা ৪৭টি।
এখন দেখুন ৪৮টি শিরোপার হিসাব। এমএলএস কাপ জয়ের জন্য মেজর লীগ সকারের পূর্ববর্তী আঞ্চলিক ট্রফি ইস্টার্ন কনফারেন্স কাপ জিততে হয়েছে। এই কাপটি জিতেও মেসি একটি ট্রফি অর্জন করেছেন। তবে ইস্টার্ন কনফারেন্স কাপকে মূল ট্রফি হিসেবে ধরা হয় না। কিন্তু অনেকেই এটিকে মেসির ক্যারিয়ারের ট্রফির মধ্যে অন্তর্ভুক্ত করেন, ফলে শিরোপার সংখ্যা ৪৮টি হয়ে যায়।
অন্যদিকে, অনেক সূত্র অনুযায়ী মেসির স্প্যানিশ সুপার কাপের সংখ্যা ৮ নয়, বরং ৭। ২০০৫ সালের সুপার কাপটি কোথাও বাদ পড়েছে। কারণ, ওই বছরের সুপার কাপের দুই ম্যাচের কোনোটাতেই তিনি স্কোয়াডে ছিলেন না। কিন্তু এ বিষয়ে যুক্তি হলো, স্প্যানিশ সুপার কাপ জয়ের জন্য যে সব শর্ত পূরণ করতে হয়, তার মধ্যে ছিলবার্সেলোনার লিগ জয়, যার সদস্য ছিলেন মেসি। তাই রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন মেসিকে ওই বছরের সুপার কাপ জয়ের জন্য বিবেচনা করে। উল্লেখ্য, রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলা রয়েছে, ৮টি ট্রফি জিতে স্প্যানিশ সুপার কাপের সবচেয়ে সফল খেলোয়াড় মেসি। তাই এই নিয়ে বিতর্কের অবকাশ নেই।
আরও পড়ুন: জিম্বাবুয়ের কোচিং টিমে যুক্ত হলেন কোর্টনি ওয়ালশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন