প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন:- ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- talashbd2024@gmail.com
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরাইলের প্রভাব নিয়ে সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে, ইসরাইল যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে জয়ের কোনো সম্ভাবনা নেই।
আজ শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে আরাঘচি লিখেছেন, ‘আমেরিকানদের বিদেশি প্রভাব সম্পর্কে সতর্ক করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসনকে এমন একটি অজেয় যুদ্ধের দিকে ঠেলে দিতে ইসরাইলের ব্যাপক প্রভাব বিস্তারের প্রচারণার কী হবে?’
আরাঘচি পোস্টে টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারাভিজ্ঞান ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ সমর্থকদের লক্ষ্য করে ইসরাইলের পক্ষে একটি প্রচার-অভিযান পরিচালনা করছেন।
আরাঘচি আরও লেখেন, ‘এর চেয়েও খারাপ বিষয় হলো, ইসরাইল মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যেকোনো সমালোচকের মুখ বন্ধ করার চেষ্টা করছে।’ তিনি এও যোগ করেন, ‘সবকিছুই শিগগিরই প্রকাশ্যে চলে আসবে।’
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া সংঘাতের মধ্যে গত মঙ্গলবার (১৪ জুলাই) টাইম ম্যাগাজিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরাইলের পক্ষে মার্কিন রক্ষণশীল তরুণদের সমর্থন ধরে রাখতে মাসে ১৫ লাখ ডলারের একটি প্রভাব বিস্তারকারী প্রচারণা চালানো হচ্ছে, তবে তার ফলে কাঙ্ক্ষিত ফল মেলেনি। বরং তরুণ মার্কিন রক্ষণশীলদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন ক্রমশ কমছে। এতে দেশটির কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণনা নিয়ন্ত্রণ, মাগা সমর্থকদের লক্ষ্য করে প্রচারণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মে ইসরাইল-সম্পর্কিত তথ্য উপস্থাপনে প্রভাব বিস্তারের জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হয়েছে, তবে জনমতের পরিবর্তন ঠেকানো যায়নি।
এ বিষয়ে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত বুধবার (১৭ জুলাই) মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স অভিযোগ করেন, ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে মার্কিন জনমত গড়েনোর জন্য ইসরাইল সরকারের কিছু সদস্য প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
সাক্ষাৎকারে ভ্যান্স মার্কিন সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের কড়া সমালোচনা করেন। যুদ্ধ বন্ধে গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তির পক্ষে অবস্থান নিয়ে জেডি ভ্যান্স বলেন, ‘ইসরাইল সরকারের কিছু সদস্য চান সামরিক অভিযান চলুক। তাই তাঁরা যুক্তরাষ্ট্রকে ওই চুক্তির পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’
সাক্ষাৎকারে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনটির কথা উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘আমি যে চুক্তির জন্য কাজ করছিলাম, সেটি ভেস্তে দিতে বিদেশি অর্থায়নে প্রচার চালানো হচ্ছে, যাতে জনমত চুক্তির বিরুদ্ধে যায়।’ তিনি আরও জানান, আলোচনা ও চুক্তি ভণ্ডুল করার উদ্দেশ্যে অত্যন্ত গোপনে এবং বিপুল অর্থায়নে প্রচারণা চালানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন